32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsসব সাংবাদিক নির্যাতনের বিচার করতে হবে: সিএমইউজের সমাবেশে বক্তারা

সব সাংবাদিক নির্যাতনের বিচার করতে হবে: সিএমইউজের সমাবেশে বক্তারা

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: সাংবাদিক সাগর- রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সকল স্তরের গণমাধ্যমে ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ঘোষিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে।

- Advertisement -nagad

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছি। অনেককে অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের পুনর্বহাল করতে হবে, নইলে তথ্য মন্ত্রণালয়ের দফতরের সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা চট্টগ্রামের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর ছাড়া অন্য সব মত ও পথের সাংবাদিকরা অধিকার আদায়ের লড়ায়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি  ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা এখনও নবম ওয়েজ বোর্ডের সুফল পাচ্ছেন না— এটি চরম বৈষম্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হলেও সাংবাদিকরা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যদি এভাবে সাংবাদিকদের অধিকার হরণ করা হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

সিএমইউজে’র সাধারন সম্পাদক সালেহ নোমান বলেন, সাগর-রুনি হত্যার ১৩ বছর পার হলেও বিচার হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন ১২১ বার পেছানো হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যে রাষ্ট্র সাগর-রুনি হত্যাকারীদের বিচার করতে পারে না, সেখানে সাংবাদিক নির্যাতনের বিচার কিভাবে হবে?

তিনি বলেন, চট্টগ্রামে ফ্যাসিবাদ আমলে পত্রিকা ও টেলিভিশনে হামলাকারী ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা নেই।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও কর্ণফুলী পত্রিকায় হামলা-ভাঙচুর চালানো হয়েছিল। আজও সেই ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা গণমাধ্যমে প্রভাব বিস্তার করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছে। যদি রাষ্ট্র এসব হামলাকারীর বিচার করতে ব্যর্থ হয়, জনগণই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।

সিএমইউজের সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি  সিএমইউজের সদস্য মিয়া মো. আরিফ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাঈফী আনোয়ার। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ, সিএমইউজে’র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, আবুল হাসনাত, শহিদুল ইসলাম, নগর নিউজ-এর সম্পাদক আমিনুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, সোহাগ কুমার বিশ্বাস, ওয়াহিদ জামান, চৌধুরী লোকমান, সরোজ আহমেদ, সুপলাল বড়ুয়া, আলী আকবর, নাসির উদ্দীন রকি, বজলুল হক, মুহাম্মদ আজাদ, মনিরুল ইসলাম পারভেজ ও কিরণ শর্মা প্রমুখ।

সিএনবিএন /সিটিজি /পিআর / সিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »