রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে একথা বলেন তিনি।
রাষ্ট্রপ্রধান বলেন, নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে।
তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে সকল রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় নির্বাচন কমিশন সব ক্ষেত্রে সব পর্যায়ে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা কমিশনের নির্বাচনি কার্যক্রমসহ তাদের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মুজিব বর্ষ উপলক্ষে, ‘বীর মুক্তিযোদ্ধা’ সম্বলিত একটি পরিচয় পত্র রাষ্ট্রপতি আবদুল হামিদকে প্রদান করে নির্বাচন কমিশন। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১ এর (বাংলা ভার্সন) দুটি কপি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

