পিলখানা হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের রায়ও যথাযথভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বনানীস্থ সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে অনেক সময় লেগেছে। অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। এভাবে নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা ঘটবে আমরা কল্পনাও করিনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
এ হতাকাণ্ডে বিচারকার্যের দীর্ঘসূত্রিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারকার্যের দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে আমাদের সব উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লেগেছে। চাচ্ছিলাম- এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার যেন হয়, বিচারকেরা তা-ই করেছেন। যে মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শিগগির শেষ হবে। বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে, সেটাও তারা করছেন। আমরা মনে করি এ প্রক্রিয়া শেষ হলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবেন।

