30.8 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsরাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে টালমাটাল খাতুনগঞ্জ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে টালমাটাল খাতুনগঞ্জ

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এখন পাইকারি পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ইউরোপের এ দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার চতুর্থ দিনের মাথায় বাড়তে শুরু করেছে আমদানিনির্ভর পণ্যের দাম। রাশিয়া ও ইউক্রেন থেকে গম, সরিষা দানা, মটর ডালসহ বেশ কয়েকটি খাদ্যশস্য আমদানি হয় দেশে। তবে চলমান যুদ্ধে তা এখন কিছুটা অনিশ্চিত।

- Advertisement -nagad

তবে এখন বাজারে পুরনো পণ্য বেচাকেনা হলেও তাতেই আঁচ লেগেছে যুদ্ধের। যার অজুহাতে খাতুনগঞ্জের পাইকারি বাজারে দুই সপ্তাহের ব্যবধানে মনপ্রতি আটশ থেকে এগারশো টাকা বেড়েছে ইউক্রেন থেকে আনা সরিষার দানার দাম। দাম বেড়েছে মটর ডালেরও। 

মণপ্রতি বিশ থেকে ত্রিশ টাকা বেড়েছে গমের দামও। অথচ, গত কয়েকবছর ধরে রাশিয়া- ইউক্রেন থেকে গম আমদানির পরিমাণ খুবই কম। এখন বেশিরভাগ গম আসে ভারত থেকে। দেশটি থেকে সরবরাহও প্রচুর।

যুদ্ধের আগুনে তপ্ত ভোজ্য তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সব ভোগ্য পণ্যের বাজার। তবে, প্রথম দুদিন অস্থির থাকলেও ধীরে ধীরে কমছে দাম।

জানা যায়, দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ। দেশের ভোগ্যপণ্যের জোগান এ বাজার থেকে দেওয়া হয় বলে পণ্যের দামের হ্রাস-বৃদ্ধি অনেক কিছুই নির্ভর করে এ বাজার ঘিরে। বৃহস্পতিবার থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে এর প্রভাব পড়তে থাকে চাক্তাই-খাতুনগঞ্জে। 

সামনে রমজান। এরমধ্যে বৈশ্বিক খাদ্যশস্যের বড় দুটি দেশ যুদ্ধে লিপ্ত। এই অজুহাতে আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভোগ্যপণ্যের বাজার। এজন্য এখন থেকে কঠোর নজরদারি দাবি সংশ্লিষ্টদের।

- Advertisment -

সর্বশেষ

Translate »