হোলি উৎসবে নাচার সময় একটি ছুরি দিয়ে স্ট্যান্ট দেখাচ্ছিলেন ৩৮ বছর বয়সী এক যুবক। কিন্তু সেই ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বানগঙ্গা এলাকায় হোলি উৎসব উদযাপনের সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গোপাল সোলাঙ্কি। হাতে একটি ছুরি নিয়ে বন্ধুদের সঙ্গে নাচছিলেন তিনি। নাচের তালে তালে ছুরি দিয়ে বুকে আঘাত করতে থাকেন গোপাল। এসময় হঠাৎ করে তার বুক থেকে রক্ত বের হতে দেখা যায়।
ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, প্রচণ্ড মাতাল গোপাল তার বন্ধুদের সঙ্গে নাচছেন। এসময় তাকে নিজের শরীরে চারবার ছুরি দিয়ে আঘাত করতে দেখা যায়। গানের সঙ্গে একটি স্ট্যান্ট দেখাতে গিয়ে এ কাজ করেন তিনি।
পরে গোপালকে দ্রুত শ্রী অরোবিন্দু ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন। কিন্তু সেখানে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

