নওগাঁর মান্দায় অসহনীয় লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে হামলা চালিয়েছে এলাকাবাসী। এতে ওই উপকেন্দ্রের দায়িত্বে থাকা পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) পল্লী বিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাতে পল্লী বিদ্যুতের দেলুয়াবাড়ি উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ওই ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন, পল্লী বিদ্যুতের দেলুয়াবাড়ি উপকেন্দ্রের স্টেশন কর্মকর্তা নজমুল হক, অফিস সহকারী আনোয়ারুল কবির, লাইনম্যান আবু সুফিয়ান, মহানুর ইসলাম ও গোলাপ হোসেন।
পল্লি বিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শফিউল আলম বলেন, সিলেটের বিবিয়ানা গ্যাসফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ায় তিন-চার দিন ধরে লোডশেডিং বেড়েছে। এ অবস্থায় লোডশেডিং-এর অজুহাতে গতকাল রাতে দেলুয়াবাড়ি উপকেন্দ্রে হামলা চালিয়েছে কিছু এলাকাবাসী।
তিনি আরও বলেন, বাধা দেওয়ায় ওই উপকেন্দ্রে কর্মরত পল্লী বিদ্যুতের পাঁচজন ব্যক্তিকে বেদম মারধর করেন হামলাকারীরা। এ সময় সরকারি একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ঘটনায় মান্দা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বাদী হয়ে মান্দা থানায় মামলা করেছেন।
আরও পড়ুন: ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ, রাজন দাসকে ১০ বছরের কারাদণ্ড
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেলুয়াবাড়ি উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে পহেলা রমজান থেকে হঠাৎ করেই বৈদ্যুতিক লোডশেডিং বেড়েছে বেশ কয়েকটি উপজেলায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন সাধারণ মানুষ।

