পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। তার হাত ধরেই মেঘনা সেতু নির্মিত হবে। শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে মেঘনা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২২ জেলা, সিলেটের চার জেলা এবং চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনে সময় কমিয়ে আনাও সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। মেঘনা সেতু নির্মিত হলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে।
আজ শুক্রবার (২২ এপ্রিল) শরীয়তপুরের সখিপুরের উপজেলার আলুর বাজার সংলগ্ন মেঘনা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপমন্ত্রী শামীম বলেন, মেঘনা সেতুর একপ্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট আর অন্যপ্রান্তে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট। দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে ১০ কিলোমিটার। সেতুটি হলে চাঁদপুর ও শরীয়তপুরেরই শুধু লাভবানই হবে না, সারাদেশে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিপ্লব সাধিত হবে। বাংলাদেশের জন্য যা কল্যাণকর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে।

