হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এমন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ২০২২ সালের হজযাত্রীদের জন্য এ নির্দেশনা দেয় দেশটি।
এ শর্ত নিয়ে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে একটি স্পষ্টকরণ ব্যাখ্যা পাওয়া গেছে।
জেদ্দার বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার (২৬ এপ্রিল) একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করেছে।
সে অনুসারে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো ই-মেইলে জানানো হয়েছে, পাসপোর্টের তথ্যানুযায়ী জন্মতারিখ ৩০ জুন ১৯৫৭ বা তার আগের তারিখ হলে পাসপোর্টধারীর অনুকূলে আসন্ন মৌসুমে হজ ভিসা ইস্যু করা হবে না। ফলে ২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের তথ্যানুযায়ী জন্মতারিখ ১ জুলাই ১৯৫৭ সাল থেকে পরবর্তী সময় হতে হবে।
এর বাইরে হজযাত্রীদের পূর্ণ ডোজ টিকা নেয়া থাকতে হবে। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

