স্পেশাল করেসপন্ডেন্ট :: মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্স ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে। এছাড়া অদূর ভবিষ্যতে এলএনজি (এলএনজি) বহনকারী জাহাজেরও নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা কমে যাওয়ায় নির্ধারিত গভীরতা বজায় রাখা জরুরি হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধার এবং বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম শুরু করা হয়েছে।
চবক আরও জানায়, মাতারবাড়ী চ্যানেলের বিদ্যমান মরফোলজিক্যাল অবস্থা এবং পলি পরিবহনের ধরণ বিশ্লেষণ করে ট্রেইলিং সাকশন হপার ড্রেজার ব্যবহার করা হচ্ছে। ড্রেজারটি চ্যানেলের বিভিন্ন অংশে জমে থাকা পলি অপসারণের মাধ্যমে নির্ধারিত গভীরতা পুনঃপ্রতিষ্ঠা ও বজায় রাখতে কাজ করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দেশের সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। চ্যানেলের নাব্যতা বজায় থাকলে বৃহৎ আকারের বাণিজ্যিক, কয়লাবাহী এবং এলএনজি জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্যকে আরও গতিশীল করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় সব কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের সমুদ্রবন্দর ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

