20.9 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsকালুরঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ ২, একজনকে উদ্ধার

কালুরঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ ২, একজনকে উদ্ধার

 

খোরশেদুল আলম:: চট্টগ্রামের কালুরঘাটে নৌকা থেকে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ে ২ জন নিখোঁজ হয়েছেন। এরমধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাটের পূর্ব পার থেকে পশ্চিম পারে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

 
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সঙ্গে একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকায় থাকা দুজন ফেরির নিচে পড়ে যায়। একজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন আরও একজন। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’

নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা জানতে পেরেছি, নৌকা থেকে ফেরিতে ওঠার চেষ্টা করছিলেন দুজন যাত্রী। ফেরিতে যানবাহনের ভিড় ছিল। ওঠার সময় তারা নৌকা থেকে নদীতে পড়ে যান। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত একজনকে উদ্ধার করতে সক্ষম হন। আরেকজন স্রোতের টানে তলিয়ে যান।
 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর বোয়ালখালী অংশ থেকে যাত্রীবোঝাই একটি নৌকা অপর তীরের কাছাকাছি পৌঁছায়। এসময় নদীতে প্রচণ্ড স্রোত ছিল। নৌকাটি ফেরির কাছাকাছি যাবার পর স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকা উল্টে দুজন নদীতে পড়ে যায়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর জানান, নৌ পুলিশের আওতাধীন এলাকায় ঘটনা ঘটেছে। মোহরা ফায়ার স্টেশন থেকে একটি টিম গেছে। ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
 

কর্ণফুলী নদীপথে চট্টগ্রাম নগরীর সঙ্গে দক্ষিণের সংযোগ সৃষ্টিকারী শতবর্ষী কালুরঘাট সেতু দিয়ে সংস্কার কাজের জন্য গত বছরের ১ আগস্ট থেকে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সেতুতে ওয়াকওয়ে চালু হলেও এখনও সড়ক পথে যান চলাচল শুরু হয়নি, যার কারণে ঝুঁকি নিয়ে ফেরিতে চলাচল করতে হয় মানুষজনের।  
 
 
- Advertisment -

সর্বশেষ

Translate »