গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৃণাল বিশ্বাসের মাথায় পচা ডিম ভেঙ্গে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের অডিটোরিয়ামের পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গোপালগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক।
কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ বলেন, সোমবার চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষার কক্ষের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন মৃণাল বিশ্বাস। ক্যাম্পাসের অডিটোরিয়াম সড়কে পৌঁছালে পেছন থেকে তার মাথায় পচা ডিম ভাঙে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, পরীক্ষার কক্ষে দায়িত্ব পালনকালে কিছু শিক্ষার্থী নকল ও দেখাদেখি করে লেখায় তাদেরকে বার বার সতর্ক করেছিলেন শিক্ষক মৃণাল। এ সময় ওই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে তর্কে জড়ান। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, কলেজ ক্যাম্পাসে প্রবেশের পর অডিটোরিয়াম রোডে থাকা কয়েকজন পেছন থেকে আমাকে আঘাত করে। তারপর দুইজন আমাকে চেপে ধরে। অন্যরা মাথায় পচা ডিম ভেঙে দিয়ে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, শিক্ষকরা থানায় এসে অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

