দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ জুলাই) নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছিলেন, যার যা কিছু আছে শত্রুর মোকাবিলা করতে হবে। নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার-সংসার, বাপ-মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজেই তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি জানি, এর অনেকেরই (মুক্তিযোদ্ধা) হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমার কাছে বিবেচ্য যে, তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজেই সেই ক্ষেত্রে আমি মনে করি, তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে।

