কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
সনাতন ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আসন্ন দূর্গাপূজা হোক উৎসবমুখর। গোপালগঞ্জে সকল ধর্মের, সকল বর্ণের মানুষের মধ্যে বজায় থাকুক সম্প্রীতির বন্ধন। এজন্য সকলের সহযোগিতা চাই। গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
কোটালীপাড় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফিন, কোটালীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, সাংবাদিক মেহেদী হাসানাত, রতন সেন কঙ্কন, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, সমীর রায়, প্রমথ রঞ্জন সরকার, সুজিৎ মৃধা, সুমন বালা, সুশান্ত বর্ণিকসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আরো বলেন, জেলা প্রশাসন হবে দুর্নীতিমুক্ত। জেলার সকল মানুষকে নাগরিক সেবা প্রদান করা হবে। জেলার কোন ব্যক্তি যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, দেশের ৬৪ টি জেলার মধ্যে গোপালগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান অনেক নিচের দিকে। শিক্ষার মান্নোয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু বলেন, ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর কোটালীপাড়া উপজেলার হতদরিদ্র কয়েকশত ব্যক্তির নামে চিকিৎসা সহযোগিতার জন্য বরাদ্দকৃত চেক বাতিল করা হয়েছে। চেকগুলো যাতে ব্যাংকে জমা দিয়ে অসহায় ব্যক্তিরা অর্থ তুলতে পারেন সেই ব্যবস্থার দাবী জানাই।

