নিউজ ডেস্ক, চট্টগ্রাম :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগামী ১৮ জুলাই শুক্রবার আয়োজিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল” সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪টায় নগরীর নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, পরিকল্পিতভাবে এ দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষের শক্তি ও নেতৃত্বকে লক্ষ্য করে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, অবমাননাকর এবং কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে। গণতান্ত্রিক চেতনাবিরোধী এসব হামলার প্রকৃত উদ্দেশ্য হলো জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে একটি অস্বচ্ছ, অনির্বাচিত এবং নিয়ন্ত্রিত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি— দেশে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথে রয়েছে। কিছু জনভিত্তিহীন ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কৃত্রিম অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট— একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং সাংবিধানিক ধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করা।
এই মুহূর্তে তাদের ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে বিএনপি ও এর নেতৃত্ব। গণতন্ত্রে বিশ্বাসী যে রাজনৈতিক শক্তিগুলো অতীতে জনগণের অধিকারের পক্ষে থেকেছে, আজ তাদের ওপর চলছে নানা রকম রাজনৈতিক হেনস্তা, চরিত্রহননমূলক প্রচার ও সাংগঠনিক বাধা।
তিনি বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে দীপ্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত এবং তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে পরিচালিত একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো। আমরা জানি, গণতন্ত্রে জনগণের কর্তৃত্বই শেষ কথা। বিএনপি কখনোই ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বরং বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের পক্ষেই লড়াই করে এসেছে এবং আগামীতেও করবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণ চায় তাদের ভোটাধিকার ফিরে পাক, একটি নিরপেক্ষ নির্বাচন হোক। এই মুহূর্তে আমাদের প্রতিটি নেতাকর্মীকে সংগঠিত হতে হবে, সচেতন থাকতে হবে এবং যে কোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকতে হবে। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, দিবে না। মব সন্ত্রাস বিএনপির পথ নয়— বিএনপি ন্যায়বিচার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে।
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বর্তমানে বিএনপির নামে ধারাবাহিকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে অবিশ্বাস্য ও অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করে তাদের রাজনৈতিক প্রভাবকে ক্ষুণ্ন করার চক্রান্ত চলছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার উদ্দেশ্য একটাই— জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দলের ভ্রাতৃপ্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সুবিধা সৃষ্টি করা। কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে দেশের জন্য নিরলস সংগ্রাম করে আসছে এবং জনগণ আমাদের এই সত্যতা ভালোভাবেই বুঝে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন; নগর বিএনপির সদস্য এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ মহসিন, মো. খোরশেদ আলম, মো. জাফর আহমদ, মাহাবুব রানা, এম এ সবুর, আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দ আগামী ১৮ জুলাইয়ের মৌন মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সিএনবিএন / পিআর/সিএল

