নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আশা করছি এই ঐক্যমতের ভিত্তিতে অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে।”
এছাড়া তার ভাষণে প্রধান উপদেষ্টা দাবি করেছেন, ”জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।”
আর এ কারণেই তারা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছেন বলে তিনি দাবি করেন।
এছাড়া দেশের অর্থনীতি, বিনিয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাহিরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”
এছাড়া জুলাই অগাস্টের হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সিএনবিএন / সূত্র বিবিসি বাংলা / ডেস্ক

