বান্দরবান করেসপন্ডেন্ট, সিএনএন বাংলাদেশ :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গোপনে বান্দরবানের থানচি উপজেলা সফর ও ভ্রমণে আসার খবর পাওয়া গেছে। তবে জেলা ও উপজেলার নেতারা বলছেন, তার ভ্রমণ সম্পর্কে কেউ কিছু জানেন না।
গোয়েন্দা সূত্র ও থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সারজিস আলম কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবানের লামা, আলীকদম হয়ে থানচি সফরে যান। পরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবানের নীলগীরিতে এসে অবস্থান নেন। নীলগীরিতে রাত্রিযাপন করার কথা রয়েছে তার।
এনসিপি বান্দরবান জেলা কমিটির যুগ্ম সম্পাদক পদধারী এই নেতা জানান, তিনি (সারজিস আলম) বান্দরবান সফর করবেন এরকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, তিনি লামা ও আলীকদম দুই উপজেলা ভ্রমণ করেছেন। এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন। দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে তার বান্দরবানে আসার খবর পাই। এর আগে আমরা কেউ কিছুই জানতাম না।
বান্দরবানে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যতদূর জানি, এটা তার ব্যক্তিগত ভ্রমণ, শুনলাম তিনি একাই এসেছেন। বান্দরবান হয়ে চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন। জেলায় দলের নির্ধারিত কোনো কর্মসূচিও ছিল না। আমাদের যেহেতু জানানো হয়নি, আমরাও আগবাড়িয়ে আর খবর নিতে যাইনি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক মো. শহীদুর রহমান সোহেল বলেন, এ বিষয়ে কিছু জানি না। আমাদের কিছু জানানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, সারজিস আলম সস্ত্রীক বান্দরবানে এসেছেন। তারা নীলগীরিতে রাত কাটাবেন।
সূত্র : যুগান্তর

