নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই —অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।
সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সূত্র : জাগোনিউজ

