নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রাম বন্দরে একটি নতুন কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য শিপিং জায়ান্ট ম্যারস্কের সঙ্গে ৩০ বছরের লিজ স্বাক্ষর করেছে সরকার৷
আজ (সোমবার) চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, ‘‘এটি আমাদের অর্থনৈতিক প্রবেশদ্বার হবে৷ এটি ভবিষ্যতের দরজা খুলে দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করবে৷’’
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ আমদানি ও রপ্তানির সিংহভাগের জন্য চট্টগ্রাম বন্দরের উপর চট্টগ্রাম বন্দরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল৷ বাংলাদেশের বৃহত্তম এ বন্দর দেশের প্রধান বাণিজ্য প্রবেশদ্বার এবং বিশ্বব্যাপী পোশাক সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র৷
প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, শিপিং জায়ান্ট এ.পি. মোলার-ম্যারস্ক তার এপিএম টার্মিনালের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে লালদিয়া কন্টেইনার টার্মিনালটি তৈরি করবে৷
বিবৃতিতে ড. ইউনূস আরো বলেন, ‘‘এটি দেশের জন্য একটি নতুন সূচনা৷’’ তার মতে,এই লিজ চুক্তি ‘‘বৃহত্তর এবং আরো বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের জন্য নতুন দ্বার উন্মোচন করবে৷’’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, এপিএম টার্মিনালস আগামী তিন বছরে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এই টার্মিনালটির উন্নয়ন করবে এবং তাতে পণ্য পরিবহনের দক্ষতা, নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধি করবে৷
অন্তর্বর্তী সরকারের অধীনে বিদেশি সংস্থাগুলির সঙ্গে এটিই প্রথম বড় বন্দর চুক্তি৷
সূত্র : এপি

