নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: সাতকানিয়া–লোহাগাড়া এলাকার জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীর সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, জামায়াত আমিরের উপস্থিতিতে দেওয়া শাহাজাহান চৌধুরীর মন্তব্য ছিল “রাজনৈতিক শালীনতাবিরোধী, ঘৃণ্য ও ষড়যন্ত্রপ্রসূত”।
নেতৃবৃন্দ দাবি করেন, প্রশাসনকে প্রকাশ্য হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণের ইঙ্গিতদায়ী বক্তব্য নির্বাচন পরিবেশ অস্থিতিশীল করার প্রচেষ্টা। তারা বলেন, এমন মন্তব্য গণতান্ত্রিক নীতি ও নির্বাচনী আচরণের ওপর সরাসরি আঘাত হেনে দেশকে উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে।
বিবৃতিতে বলা হয়, শাহাজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তার বিরুদ্ধে উসকানিমূলক। এটি জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপের অপচেষ্টা এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ। নেতৃবৃন্দের দাবি, শাহাজাহান চৌধুরীকে বক্তব্য প্রত্যাহার ও জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি প্রশাসনের প্রতি আহ্বান জানায়- গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিএনপি নেতারা আরও বলেন, গণতন্ত্রবিরোধী অপচেষ্টা রুখতে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সংগঠনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ‘আপসহীন ভূমিকা’ রাখবে বলেও উল্লেখ করা হয়।

