নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: বাংলাদেশের আবাসন খাতকে জটিলতা থেকে উত্তরণ ঘটিয়ে বিনিয়োগবান্ধব ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এ এস এম আবদুল গাফফার মিয়াজী ( ব্যবস্থাপনা পরিচালক, ইস্ট ডেলটা হোল্ডিংস লিমিটেড)।
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, সদস্যদের স্বার্থরক্ষা এবং বাস্তবভিত্তিক নীতি প্রণয়নে কার্যকর ভূমিকা রাখাই তাঁর মূল লক্ষ্য।
আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন।
এই নির্বাচনে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পক্ষে পরিচালক (চট্টগ্রাম) পদে অংশ নিচ্ছেন গাফফার মিয়াজী। তাঁর ব্যালট নম্বর—৭৫।
দীর্ঘ দেড় দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তা বলেন, বর্তমানে আবাসন খাত নানা চ্যালেঞ্জে জর্জরিত। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, নতুন ড্যাপ নীতিমালা এবং ক্রয়ক্ষমতা হ্রাস—সব মিলিয়ে খাতে স্থবিরতা তৈরি হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্বচ্ছতা, দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়েই আবাসন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।
গাফফার মিয়াজী আরও বলেন, “সদস্যদের অধিকার রক্ষা, ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আধুনিক, গতিশীল রিহ্যাব গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি প্রবীণ ও নবীনদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার কথা উল্লেখ করে ভোটারদের সমর্থন কামনা করেন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।
চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।
পরিচালক পদে রয়েছেন মোহাম্মদ জাফর ও এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
এছাড়াও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবদুল আজিজ, আনোয়ারুল কবির, মো. খোরশেদ আলম, এমদাদ উল্ল্যাহ, নুর মোহাম্মদ এবং মোহাম্মদ হাবিব।
শেষে তিনি সকল ভোটারকে আহ্বান জানান—নিজ নিজ মূল্যবান ভোট প্রদান করে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে।

