রাঙামাটির বরকল উপজেলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারিকে হয়রানি ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে রাঙামাটি ইসলামিক সেন্টার-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল কয়েকটি গণমাধ্যমে তার ছবি সংবলিত একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার কথা উল্লেখ করা হয়। তিনি দাবি করেন, উক্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
রবিউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি চাঁদাবাজির নয়, বরং সাইবার সংক্রান্ত একটি অভিযোগ, যা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে তার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি এবং যোগাযোগ না করার তথ্যও সঠিক নয়।
তিনি দাবি করেন, মামলার বাদীর সঙ্গে অতীতে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং পরবর্তীতে দ্বন্দ্বের জেরে তাকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে টার্গেট করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

