ডিইউ করেসপন্ডেন্ট, সিএনএন বাংলাদেশ :: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাত দোকান মুক্ত করার নামে গভীর রাতে এক বৃদ্ধকে লাঠি হাতে মারধর ও শাসানোর অভিযোগ উঠেছে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। একটি ভিডিও ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই সদস্যের এমন কাণ্ডে সমালোচনা মুখর হয়েছেন অনেকে।
ওই বৃদ্ধকে তাড়ানোর সময় সর্বমিত্র চাকমা ও প্রক্টর অফিসের তিন নিরাপত্তাকর্মীকে সে সময় ঘটনাস্থলে দেখা যায়। ভিডিওতে দেখা যায়- তাদের মধ্যে প্রক্টরিয়াল বডির সদস্য লেখা জ্যাকেট পরিহিত একজন লাঠি দিয়ে আঘাত করেন, যা হাতে থাকা ব্যাগ দিয়ে ঠেকাতে দেখা যায় ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে।
শহীদুল্লাহ হলের সামনে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন প্রক্টর অফিসের নিরাপত্তা কর্মীদের প্রধান ইউসুফ হারুন।
তবে এ বিষয়ের ব্যাখ্যায় সর্বমিত্র চাকমা ফেইসবুক পোস্টে লিখেছেন, যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায় না। ওনার সাথে আরেকজন আছে, তিনি আরো বৃদ্ধ, উনিও মাদকাসক্ত, এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গেয়েছিল। এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন।
তিনি জানান, তার চাওয়া ভবঘুরে-পাগল মুক্ত ক্যাম্পাস গড়া।
তবে তার এমন কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছ। ঘটনার ভিডিও ও ছবি নিয়ে পোস্ট করেছেন অনেকে। মন্তব্যের ঘরেও তাকে করা হয়েছে তুলোধুনো। আবার অনেকে আবার তার প্রশংসাও করেছেন।

