ভারতের কর্নাটকের উপকূলীয় শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে হিজাব পরার দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।
মুসলিম কলেজ ছাত্রীরা এই আন্দোলন প্রথম শুরু করলেও ক্রমশ তাতে ছাত্র সমাজও যোগদান করেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে হিজাব পরার দাবিতে বিক্ষোভ দেখান সংখ্যালঘু ছাত্রীরা। অভিযোগ কলেজের নিরাপত্তারক্ষীরা তাঁদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছে। সে সময় স্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম ছাত্রেরাও বিক্ষোভে যোগ দেন।
এর আগে শুক্রবার একই শহরের অন্য একটি কলেজের গেটে ছাত্রীদের হিজাব-বিক্ষোভের সমর্থনে জড়ো হয়েছিলেন বেশ কিছু কলেজছাত্র।
হিজাব পরে কলেজ ক্যাম্পাসের প্রবেশ এবং ক্লাস করার অধিকারের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলনের জেরে ক্রমশ অশান্ত হচ্ছে কর্নাটকের বিভিন্ন এলাকা।
এ বিষয়ে কর্নাটকের শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা বি সি নাগেশের দাবি, বিক্ষোভকারী ছাত্রীরা আগে হিজাব পরতেন না। প্রশাসনিক নির্দেশিকা জারির পরে অশান্তি বাধানোর উদ্দেশ্যে বিক্ষোভ শুরু করেছেন। প্রয়োজনে এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

