রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সড়ক ও রেলপথে যাত্রীচাপ ধীরে ধীরে বাড়লেও নেই ভোগান্তি। ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়েছে প্রায় প্রতিটি লঞ্চ। এর মাঝেই কেউ কেউ আবার ঢাকাও ছাড়ছেন।
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে এসে ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পাচ্ছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলো। তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে এ প্রান্তে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে। চাপ কম থাকায় কম ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট ব্যবহার করে তিন হাজার ১৪৩টি যানবাহন নদী পারাপার হয়েছে।
এদিকে রেলপথে বুধবার (১৩ জুলাই) রাজ মানুষের চাপ কম থাকলেও বৃহস্পতিবার (১৪ জুলাই) কমলাপুর রেলস্টেশনে বেড়েছে যাত্রীর চাপ।
আরও পড়ুন: আষাঢ়ের শেষ দিনেও নেই বৃষ্টির দেখা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ (ভিডিও)
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, বৃহস্পতিবার ঢাকায় ফেরা যাত্রী বেড়েছে। আগামীকাল ও শনিবার ঢাকায় ফেরা এই যাত্রী সংখ্যা সবচেয়ে বেশি হবে। তবে এদিন ঢাকার বাইরে যাওয়ার যাত্রী স্বাভাবিক ছিল।
এদিকে বিপুল সংখ্যক কর্মজীবী ও সাধারণ মানুষ না ফেরায় রাজধানীর গণপরিবহনের সংখ্যাও কম দেখা যাচ্ছে।

