সিনিয়র করেসপন্ডেন্ট :: সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯টি বিপজ্জনক মালামালের কন্টেইনার পরিবেশসম্মতভাবে ধ্বংস করা হয়েছে। নিলাম অযোগ্য বিপজ্জনক মালামাল ও অন্যান্য ধ্বংসযোগ্য পণ্য বিনষ্টকরণের লক্ষ্যে গঠিত আন্ত:সংস্থা কমিটির আহ্বায়ক চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে এসব মালামাল ধ্বংস করা হয়।
গত ২৫ ও ২৬ অক্টোবর পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম কাস্টমস হাউস এর প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে এসব বিপজ্জনক মালামালের কন্টেইনার পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হয়েছে।
উক্ত ধ্বংসের কাজ গত শনিবার সকাল ৯টা থেকে শুরু করে রবিবার রাত ৯:৩০ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চালু রেখে ধ্বংস কাজ সম্পন্ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার সদস্য ও স্থানীয় বন্দর থানার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে উক্ত ধ্বংসকাজের নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন।

