স্পেশাল করেসপন্ডেন্ট, সিএনএন বাংলাদেশ :: নানা জল্পনা কল্পনা ও আশংকার অবসান ঘটছে আজ সন্ধ্যায়। সন্ধ্যা ৬ টায় জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দেবেন সিইসি। সেখানেই জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গনভোটের তফসিল একসাথে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।
গতকাল দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষেই গতকাল বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর সব কমিশনার সিইসির রুমে একটি বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।
ইসি সূত্র মতে, তফসিল ঘোষণার পরপরই প্রার্থী মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রযুক্তিগত বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ব্যবস্থা নিয়েও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তালিকা, অনলাইন নির্দেশনা এবং সহায়ক তথ্যসমূহ প্রকাশের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে নির্বাচন কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তফসিল ঘোষণার ঘণ্টাখানেক আগে নির্বাচন কমিশনের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। আজ সন্ধ্যা ৬টার ঘোষণাকে সামনে রেখে সারাদেশের রাজনৈতিক অঙ্গন নতুন আলোচনায় সরগরম হয়ে উঠেছে।

