ফজলুর রহমান সম্রাট, সিএনএন বাংলাদেশ :: ওসমান হাদি আর ব্রেইনডেথ, এই দুই নাম আর শব্দ ব্যাপক অর্থবহ আজ ! আবার ব্রেইনডেথ মানে কি কোমা? না। ব্রেইনডেথ হলো এমন একটি অবস্থা, যেখানে মস্তিষ্কের সব কার্যক্রম সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। শ্বাস-প্রশ্বাস, অনুভূতি, স্মৃতি, চিন্তা, সবকিছুর কেন্দ্র এই মস্তিষ্ক। ব্রেইনডেথ হলে হৃদস্পন্দন যন্ত্রের সাহায্যে কিছু সময় চালু রাখা গেলেও, মস্তিষ্ক আর কখনো কাজ করে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, ব্রেইনডেথ মানেই আইনগতভাবে মৃত্যু। এটি কোমা বা ভেজিটেটিভ স্টেট নয়, হাদি কি কেবলই কোমায় নাকি তিনি ইতিমধ্যেই ব্রেইনডেথ ? যদি তাই হয় তবে কি আর স্বাভাবিক জীবনে ফিরবেন না হাদি ?
এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীতে কি কেউ ব্রেইনডেথ থেকে ফিরে এসেছে?চিকিৎসা বিজ্ঞানের সরল উত্তর—না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আধুনিক নিউরোলজির মতে, একবার প্রকৃত ব্রেইনডেথ হলে সেখান থেকে ফিরে আসার কোনো বৈজ্ঞানিক নজির নেই। অনেক সময় ভুল করে গভীর কোমা বা লাইফ সাপোর্টে থাকা রোগীকে ব্রেইনডেথ ভেবে নেওয়া হয়, সেখান থেকেই জন্ম নেয় বিভ্রান্তি। কিন্তু নিশ্চিতভাবে পরীক্ষায় প্রমাণিত ব্রেইনডেথ মানেই অপরিবর্তনীয় অবস্থা।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ভয়াবহ সেই গুলি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, যা নিঃসন্দেহে প্রাণঘাতী আঘাত। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো গুলিবিদ্ধ হলেই কেউ ব্রেইনডেথ হয় না। ব্রেইনডেথ নির্ভর করে গুলি মস্তিষ্কের কোন অংশে লেগেছে, ব্রেইনস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, অক্সিজেন সরবরাহ কতক্ষণ বন্ধ ছিল এসব বিষয়ের উপর। যদি চিকিৎসকেরা বলেন তিনি ব্রেইনডেথে পৌঁছাননি, তাহলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এখনো থাকে, যদিও তা দীর্ঘ ও জটিল হতে পারে। তবে হাদি কি ব্রেইনডেথ নাকি কেবলই কোমা, সেটা নিয়েও আছে ধোঁয়াশা !
সোজা কথা, যদি শরীফ ওসমান হাদি সত্যিই ব্রেইনডেথে পৌঁছান, তাহলে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা শূন্য। চিকিৎসাবিজ্ঞান এখানে কোনো আশ্বাস দেয় না।তবে যদি তিনি গভীর কোমা বা ক্রিটিক্যাল নিউরোলজিকাল ইনজুরিতে থাকেন, তাহলে সময়, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে আংশিক বা উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। অতএব সিদ্ধান্ত একটাই, সবকিছু নির্ভর করছে চিকিৎসকদের ঘোষণার উপর, গুজবের উপর নয়। তবে অতিদ্রুত সুস্থ হয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরবেন হাদি এমনটাই প্রত্যাশা সকলের !

