নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ নিজ এলাকা থেকে নির্বাচন করতে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই এলাকায় বারবার আন্দোলন-বিক্ষোভও হয়েছে। এবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গতকাল সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। একটি অভিযোগর ভিত্তিতে এ তথ্য চাওয়া হয় বলে জানা গেছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে তাঁর অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
এদিকে এ বিষয়ে মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে আইডিতে পোস্ট দিয়েছেন এই এনসিপি নেতা। পোস্টে তিনি বলেছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

